আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন মার্কো রুবিও

Share:

নিজস্ব প্রতিনিধি ওয়াশিংটন: মাইক ওয়াল্টজ ইস্তফা দেওয়ায় আমেরিকার জাতীয় নিরাপত্তা  উপদেষ্টার দায়িত্ব পেলেন বিদেশ সচিব মার্কো রুবিও। স্থায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নতুন কাউকে নিয়োগ না করা হবে তিনিই দায়িত্ব সামলাবেন বলে বৃহস্পতিবার (১ মে)  জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন, পদত্যাগী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজকে রাষ্ট্রপুঞ্জে স্থায়ী প্রতিনিধি হিসাবে নিয়োগ করা হচ্ছে। মার্কিন সেনেট অনুমোদন দিলেই ওয়াল্টজ নয়া দায়িত্ব নেবেন।

গতকাল বৃহস্পতিবারই (১ মে) আচমকা ইস্তফা দেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। তাঁর সঙ্গেই ইস্তফা দেন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। যদিও কী কারণে ওয়াল্টজ আচমকাই দায়িত্ব ছাড়লেন তা জানা যায়নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ইয়েমেনে মার্কিন হামলার খবর ফাঁস হয়ে যাওয়ার দায় নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়িয়েছেন ওয়াল্টজ। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসকে নতুনভাবে ঢেলে সাজিয়েছিলেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসিয়েছিলেন মাইক ওয়াল্টজকে। একসময় মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন মাইক ওয়াল্টজ৷ সেনার বিশেষ বাহিনী গ্রিম বেরেটেরও সদস্যও ছিলেন তিনি ৷ ন্যাশনাল গার্ডের দায়িত্ব সামলানোর পাশাপাশি যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ অবসরের পর রাজনীতিতে যোগ দেন। গত মার্চ মাসে জনপ্রিয় সমাজমাধ্যম ‘সিগনাল’-এ ইয়েমেনে মার্কিন হামলা নিয়ে গোপন তথ্য ফাঁস হয়ে যায়। গত ১৩ মার্চ এক গোপন গ্রুপে মার্কিন জাতীয় নিরাপত্তা আধিকারিকদের মধ্যে ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল। সেই গ্রুপচ্যাটে মার্কিন সাংবাদিক তথা ‘দ্য আটলান্টিক’-এর সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করেন ওয়াল্টজ। সমাজমাধ্যমে ওই হামলার খবর ‘ফাঁস’ হয়ে যাওয়া নিয়ে সরগরম হয়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি। প্রতিরক্ষা সংক্রান্ত গোপনীয় তথ্য ফাঁসের জন্য প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ইস্তফার দাবিতে সরব হন বিরোধীরা।

যদিও প্রতিরক্ষা সচিবের পাশে দাঁড়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টই বলেন, ‘পিট খুব ভাল কাজ করছেন। উনি এই বিষয়ে (তথ্য ফাঁস) কিছুই করেননি।’ সূত্রের খবর, ওয়াল্টজের ভূমিকায় খুব একটা সন্তুষ্ট ছিলেন না ট্রাম্প। গত কয়েকদিন ধরেই নানা বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। পহেলগাঁওকাণ্ড ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, দু্ই দেশের মধ্যে সঙ্ঘাত থামাতে আসরে নেমেছেন ট্রাম্প, তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টাজের সরে দাঁড়ানো বড় ধাক্কা।

 

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫