দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হুমায়ুনের বাবরি মসজিদে মোটা অঙ্কের অনুদান, ভোটের আগে বিতর্কে TMC নেতা

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হুমায়ুন কবীর। সম্প্রতি কখনও সিপিএমের সঙ্গে বৈঠক, কখনও নওশাদ সিদ্দিকির সঙ্গে আলোচনা, আবার প্রকাশ্যে অধীর চৌধুরীকে ব্যক্তিগত সমর্থনের কথা জানিয়ে তিনি রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন। এই আবহেই নতুন করে বিতর্ক তৈরি হল তাঁর বাবরি মসজিদ ঘিরে, যেখানে এবার আর্থিক অনুদান দিলেন তৃণমূলের এক শীর্ষ স্থানীয় নেতা।

নওদা ব্লক তৃণমূল কংগ্রেস-এর সভাপতি এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ রমজান মাসের প্রথম দিনেই বাবরি মসজিদ নির্মাণের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকা দান করেন। ব্যাঙ্ক চেকের মাধ্যমে এই অর্থ তিনি মসজিদ ট্রাস্টের নামে প্রদান করেছেন। চেকটি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়ার নামে।

আরও পড়ুন: ফের বেপরোয়া গতির বলি ‘অন্তঃসত্ত্বা’ হরিণ, প্রশ্নের মুখে প্রশাসন

এর আগেও হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক ও মুর্শিদাবাদ জেলা পরিষদের চেয়ারম্যান নিয়ামত শেখ। তবে এবার শুধু মৌখিক সমর্থন নয়, সরাসরি আর্থিক সহযোগিতার মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেল। কয়েকদিন আগেই এক দলীয় সভা থেকে সফিউজ্জামান শেখ বলেছিলেন, “এই মসজিদ আমরা নিজেরাই তৈরি করব, মুর্শিদাবাদের মানুষই দায়িত্ব নেবে।” সেই বক্তব্যের পরই অনুদান দেওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা আরও তীব্র হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, দলের বিরুদ্ধে একাধিক মন্তব্যের জেরে কিছুদিন আগেই তৃণমূল হুমায়ুন কবীরকে সাসপেন্ড করে। সাসপেনশনের সময় তৃণমূল নেতা ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, বাবরি মসজিদ নির্মাণের প্রসঙ্গ তুলে পুরনো বিতর্ক উস্কে দেওয়া এবং ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানো তৃণমূলের নীতির পরিপন্থী। দলীয়ভাবে একাধিকবার স্পষ্ট করা হয়েছে, ধর্ম ও রাজনীতির মেলবন্ধনকে তৃণমূল সমর্থন করে না। এই প্রেক্ষাপটেই তৃণমূল নেতার অনুদান নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

অন্যদিকে, মোগল সম্রাট বাবরের নামে কোনও মসজিদ বা অন্য কোনও স্থাপত্য নির্মাণ বন্ধ করার দাবিতে সুপ্রিম কোর্ট-এ একটি আবেদন জমা পড়েছিল। শুক্রবার সেই আবেদন শুনতে অস্বীকার করে শীর্ষ আদালত। আদালত আগ্রহ না দেখানোয় আবেদনকারীর আইনজীবী শেষ পর্যন্ত মামলাটি প্রত্যাহার করে নেন।

আবেদনকারীর তরফে আদালতে জানানো হয়, সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক এবং জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর বেলডাঙা এলাকায় বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই প্রসঙ্গ তুলে ধরে আবেদনকারীরা চান, বাবরের নামে কোনও ধর্মীয় বা অন্য স্থাপত্য নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হোক এবং এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। তবে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই আবেদন গ্রহণ করতে রাজি হয়নি। আদালতের স্পষ্ট অবস্থানের পর আবেদনটি প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান হয়। সেই কর্মসূচিতে নেতৃত্ব দেন হুমায়ুন কবীর নিজেই। ওই অনুষ্ঠানের পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়। পরে ১১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানা যায়। এই বিষয়টি ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে এখনও আলোচনা চলছে। 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, ভোট আবহে মানবিক দৃশ্য বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

মারাত্মক গরমেও রোড-শোয়ে ‘দিদি নম্বর ওয়ান’, নবদ্বীপে রচনার জমজমাট প্রচার

‘সব ভোট মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে‌’‌, প্রধানমন্ত্রীর দাবি ফুৎকারে ওড়ালেন মমতা

‘সোনারপুর হয়ে গেল সোনাপুর’, ভুল পোস্টারে শাহ-কে তোপ লাভলির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ