ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলেকে নিজের বশে আনতে মরিয়া ছিলেন মা। ছেলের মন জয় করতে কখনও তন্ত্রসাধনা, কখনও গৃহশান্তির পুজো, এভাবেই চলছিল নানা আচার-অনুষ্ঠান। কিন্তু মায়ের এই আবেগ আর অসহায়তাকেই যে প্রতারণার হাতিয়ার বানানো হয়েছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। অভিযোগ, তন্ত্রমন্ত্র ও পুজোর নামে ধাপে ধাপে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। মধ্যপ্রদেশের ভোপালের এই চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নেমে রীতিমতো হতবাক ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তিন অভিযুক্তকে।  

কীভাবে প্রতারণার ফাঁদে পড়ল পরিবার?

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের সাকেত নগরের এক মহিলা তার ছেলেকে নিয়ন্ত্রণে আনতে এবং পরিবারকে একত্রিত করতে গিয়ে  তান্ত্রিকদের ফাঁদে পড়েন এবং তার সারাজীবনের সঞ্চয় হারান। অভিযুক্তরা কখনও তন্ত্র-মন্ত্রের নামে, কখনও পূজা-পাঠের নামে, আবার কখনও পারিবারিক শান্তির নামে পরিবারটির বিশ্বাস অর্জন করে। তারপরে ধীরে ধীরে নগদ টাকা, অনলাইন পেমেন্ট এবং সোনা-রুপার গহনা নেওয়ার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ এবং গহনার মোট মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে।  অভিযোগকারী পুরুষোত্তম শর্মার স্ত্রী রাজেশ্বরী শর্মার সঙ্গে পরিচিত এক মহিলার মাধ্যমে আশা যাদবের পরিচয় হয়। আশার দাবি ছিল, তাঁর ভাই মুকেশ যাদব তন্ত্রমন্ত্রের মাধ্যমে পারিবারিক সমস্যা দূর করতে পারেন। সেই সময় শর্মা দম্পতির ছেলে বিবেক পরিবারের থেকে আলাদা থাকছিলেন। ছেলেকে ফের পরিবারের কাছাকাছি নিয়ে আসার আশাতেই  তান্ত্রিকদের সঙ্গে যোগাযোগ বাড়ান রাজেশ্বরী।  কালো জাদুর মাধ্যমে ছেলেকে বশে এনে পরিবারের সমস্যা সমাধানের দাবি করে তারা। 

অভিযোগ উঠেছে, ২০২৫ সালের ২৫ মে থেকে শুরু হয় টাকা নেওয়ার পর্ব। প্রথমে ২০ হাজার টাকা পাঠানো হয় আশার অ্যাকাউন্টে। তারপর বিভিন্ন সময়ে ফোন-পে-র মাধ্যমে প্রায় ৭ লক্ষ ১৬ হাজার টাকা পাঠানো হয়। পাশাপাশি বাড়িতে রাখা নগদ প্রায় ১২ লক্ষ ৫৪ হাজার টাকাও তুলে দেওয়া হয় অভিযুক্তদের হাতে। এখানেই শেষ নয়। অভিযোগ, পরিবারের কাছ থেকে প্রায় ৬২৫ গ্রাম সোনার গয়না এবং ৫০০ গ্রাম রুপোও নেওয়া হয়। নগদ টাকা, অনলাইন লেনদেন এবং গয়না মিলিয়ে টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় এক কোটি। 

কীভাবে প্রকাশ্যে এল জালিয়াতি? 

২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর একটি গয়নার দোকানের ফোনেই সামনে আসে গোটা ঘটনা। ভোপালের বিট্টন মার্কেটের জে পি জুয়েলার্সের মালিক রাম পাঞ্জওয়ানি পুরুষোত্তম শর্মাকে ফোন করেন। তিনি জানান, তাঁর স্ত্রী রাজেশ্বরী আশাকে সঙ্গে নিয়ে দোকানে এসেছিলেন। সেখানে প্রায় ১৭ লক্ষ টাকার সোনা কেনা হয়েছিল। ৫ লক্ষ টাকা নগদ দেওয়া হলেও বাকি টাকার জন্য দেওয়া চেকের পেমেন্ট হয়নি। এরপর স্ত্রীর কাছে বিষয়টি জানতে চান পুরুষোত্তম। তখনই তন্ত্রমন্ত্র ও গৃহশান্তির নামে টাকা এবং গয়না দেওয়ার বিষয়টি সামনে আসে। পুলিশি তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাজেশ্বরী পুলিশের কাছে প্রায় ১০ কোটি টাকার আটটি চেক, একটি ফাঁকা চেক এবং ছয়টি এটিএমের মতো কার্ড জমা দেন। সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তে আরও জানা গিয়েছে,  প্রতারণা করে পাওয়া সোনা দিয়ে গোল্ড লোন নেওয়ার জন্য বিভিন্ন ব্যাঙ্কে তা বন্ধক রাখা হয়েছিল। সেগুলি যাতে বিক্রি বা সরিয়ে ফেলা না যায়, তার জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিতে গয়না ফ্রিজ করার পদক্ষেপ করেছে পুলিশ। পাশাপাশি আশার দেখানো জায়গা থেকে ১১ গ্রাম সোনাও উদ্ধার হয়েছে। 

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

শীতের আমেজ উপভোগ করতে চান? রইল কলকাতার কাছেই সেরা ৫ জায়গার হদিশ

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৮ নিয়ম

সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের লক্ষণ নয় তো?

৩৬৪ দিনই জলের নিচে বিগ্রহ, কেরলমের এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনি

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা