‘ভারতীয়-পাকিস্তানিরা আমাদের চাকরি কেড়ে নিচ্ছে’, বর্ণবিদ্বেষী মন্তব্য ব্রিটিশ সাংসদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে অভিবাসন ইস্যু ঘিরে নতুন করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ব্রিটিশ এমপি রুপার্ট লো ভারতীয় ও পাকিস্তানি অভিবাসীদের নিয়ে প্রকাশ্যে কড়া মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। তাঁর বক্তব্যকে অনেকেই সরাসরি বর্ণবাদী ও বিভাজনমূলক বলে আখ্যা দিয়েছেন।

সম্প্রতি ডানপন্থী রাজনৈতিক দল ‘রিস্টোর ব্রিটেন’ গঠন করা রুপার্ট লো দাবি করেছেন, ব্রিটেনে আসা বিপুল সংখ্যক ভারতীয় ও পাকিস্তানি অভিবাসী ব্রিটিশ নাগরিকদের প্রাপ্য চাকরি কেড়ে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা এক পোস্টে তিনি লেখেন, ‘বেকার ব্রিটিশদের জন্য থাকা কাজ করার উদ্দেশ্যে লক্ষ লক্ষ ভারতীয় ও পাকিস্তানিকে দেশে আনার কোনও প্রয়োজন নেই।’ নিজের মন্তব্যকে ঘিরে বর্ণবাদের অভিযোগ উঠতে পারে- এমন আশঙ্কার কথাও স্বীকার করেন তিনি। পোস্টে তিনি আরও লেখেন, ‘এ জন্য যদি আমাকে বর্ণবাদী বলা হয়, তাহলে তাই হোক।’
এর আগেও অভিবাসন নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন লো। তিনি দাবি করেন, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কিছু এলাকায় গেলে মনে হয় যেন অন্য কোনো দেশে চলে গিয়েছেন। তাঁর অভিযোগ, বছরের পর বছর ধরে ব্রিটেনের প্রধান রাজনৈতিক দলগুলো পরিকল্পিতভাবে স্বল্প দক্ষতাসম্পন্ন অভিবাসীদের দেশে প্রবেশের সুযোগ দিয়েছে। মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করেও কড়া মন্তব্য করেন এই এমপি। তিনি বলেন, রাস্তায় ‘বোরকা পরিহিত একাধিক মহিলার সঙ্গে পুরুষদের চলাফেরা’ তিনি দেখতে পছন্দ করেন না। ম্যানচেস্টারের কিছু এলাকা ‘ইসলামিক রূপ’ নিচ্ছে বলেও দাবি করেন তিনি। অভিবাসনকে তিনি ‘এক ধরনের উপনিবেশ স্থাপন’ বলেও বর্ণনা করেন।
রুপার্ট লো আরও অভিযোগ করেন, অনেক ব্রিটিশ মহিলা এখন আগের মতো কিছু এলাকায় নিরাপদ বোধ করেন না। তাঁর দাবি, এমন সংস্কৃতি থেকে আসা মানুষের সংখ্যা বাড়ছে যেখানে মহিলাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অভিবাসী পরিবারগুলোর জনসংখ্যা দ্রুত বাড়ছে এবং এর অর্থনৈতিক চাপ বহন করতে হচ্ছে করদাতাদের। নিজের বক্তব্যে তিনি আরও কঠোর অবস্থান নিয়ে বলেন, বোরকা, শরিয়া আদালত, কাকাতো ভাইবোনের বিয়ে, হালাল পশু জবাই এবং গণপ্রার্থনার মতো বিষয় নিষিদ্ধ করা উচিত। পাশাপাশি গণঅভিবাসন বন্ধ এবং ‘বিদেশি ইসলামপন্থীদের’ বহিষ্কারের দাবিও জানান তিনি। লো-এর এসব মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বহু ব্যবহারকারী তাঁকে বর্ণবাদী বলে আখ্যা দেন এবং ব্রিটেনের ঔপনিবেশিক ইতিহাসের প্রসঙ্গ তুলে সমালোচনা করেন। একজন ব্যবহারকারী প্রশ্ন তোলেন, ‘যদি এত চাকরি থাকে, তাহলে বেকার ব্রিটিশরা সেগুলো নিচ্ছে না কেন? আগে সেই সমস্যার সমাধান করুন।’ আরেকজন লেখেন, ‘কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে মন্তব্য করাই বর্ণবাদী আচরণ।’ তবে পরিসংখ্যান বলছে, লো-এর নির্বাচনী এলাকা গ্রেট ইয়ারমাউথে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ১ শতাংশেরও কম। ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, প্রায় এক লাখ মানুষের ওই এলাকায় ভারতীয় ও পাকিস্তানি মিলিয়ে বাসিন্দা রয়েছেন মাত্র ৯০৭ জন।
অন্যদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গিয়েছে, ব্রিটেনে শ্রমবাজারে অভিবাসীদের অংশগ্রহণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৪ সালে যেখানে অভিবাসীদের হাতে থাকা চাকরির হার ছিল ১২ শতাংশ, ২০২৫ সালের শেষে তা বেড়ে দাঁড়ায় ২০ শতাংশে। তবে গবেষণায় এটাও বলা হয়েছে যে, অধিকাংশ অভিবাসী স্বাস্থ্যসেবা ও পরিচর্যা খাতের মতো দীর্ঘদিনের কর্মী সংকটে থাকা সেক্টরগুলোতে কাজ করছেন। ফলে তারা সরাসরি ব্রিটিশ নাগরিকদের চাকরি কেড়ে নিচ্ছেন- এমন দাবি প্রমাণিত নয়।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়