একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কার্ডিফ: একা জো রুট হারিয়ে দিলেন শুভমন গিলদের। তাঁর অনবদ্য অপরাজিত ৯৯ রানের দৌলতে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে চার উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৪৪ ওভারে ২৩৩ রানে গুটিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। জবাবে  ৪৪.১ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় হাসিল করেন হ্যারি ব্রুকরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই জীবন ফিরে পান রোহিত শর্মা। তখন পাঁচ রানে ব্যাট করছিলেন তিনি। তাঁর ক্যাচ ফস্কান গাস আটকিনসন। অধিনায়ক শুভমন গিল শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন। তবে বেশিদূর এগোতে পারেননি। অষ্টম ওভারে গাস আটকিনসনের বলে বেন ডাকেটের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন শুভমন (৩১)। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই অভিজ্ঞ ব্যাটার ঠান্ডা মাথায় ব্যাট করেন। ১৮তম ওভারে উইল জ্যাকস আক্রমণে এসে রোহিতকে (২৬) ফিরিয়ে ৬০ রানের পার্টনারশিপ ভেঙে দেন। লোকেশ রাহুলের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ঈশান কিশন নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি। তিনি ফেরেন এক রান করে।

পর পর দুই উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে যায় ভারত। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার দলকে এগিয়ে নিয়ে যান। দুজনেই হাত খুলে খেলতে থাকেন। ফলে রান তোলার গতিও বাড়ে। ৫০ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন। কিন্তু ৩২তম ওভারে জোফ্রা আর্চার এসে কোহলিকে (৬৫ ) সাজঘরে ফিরিয়ে দেন। ছয় নম্বরে নামা ওয়াশিংটন সুন্দর ক্রমশই দলের পক্ষে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। তিনি সাকিব মাহমুদের বলে ২ রান করে সাজঘরের পথ ধরেন।

বিরাট ফেরার পরে একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন শ্রেয়স আইয়ার। ভয়ডরহীনভাবে ব্যাট করতে থাকেন তিনি। ছক্কা হাঁকিয়ে মাত্র ৪২ বলেই একদিনের ক্রিকেটে নিজের ২৪তম অর্ধশতরান পূর্ণ করেন। ৩৬তম ওভারে আক্রমণে এসে ভারতকে জোড়া ধাক্কা দেন জোফ্রা আর্চার। পর পর দুই বলে ফিরিয়ে দেন প্রথম ম্যাচের নায়ক অক্ষর পটেল (১) ও শিবম দুবেকে (০)। ১২ রানের মধ্যে তিন উইকেট খুঁইয়ে ফের চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। গুরনুর ব্রারকে সঙ্গে নিয়ে ৩৭.৪ ওভারে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন শ্রেয়স। ৪১ ওভারে সাকিব মাহমুদের বলে গাস আটকিনসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্রার (৭)।

১০ নম্বরে নামা যশপ্রীত বুমরা ইংলিশ বোলার সাকিব মাহমুদকে ঠ্যাঙানি দিয়ে এক ওভারেই তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৮ রান তোলেন। ৪৪তম ওভারে বল করতে এসে শ্রেয়সকে (৬৬) ফেরান গাস আটকিনসন। ওই ওভারের শেষ বলে প্রসিদ্ধ কৃষ্ণাকে (০) ফিরিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন। বুমরা ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২৩৪ রান তাড়া করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় স্বাগতিকরা। যশপ্রীত বুমরার প্রথম বলেই ঈশান কিশনের তালুবন্দি হয়ে ফিরে যান বেন ডাকেট (০)। সেই ধাক্কা সামলে ওঠার আগেই চতুর্থ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ফিরে যান জেকব বেথেল (৪)। আট রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে যায় ইংল্যান্ড। এর পর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে বিপর্যয়ের খাদ থেকে টেনে তোলার চেষ্টা চালান জো রুট ও অধিনায়ক হ্যারি ব্রুক। তবে বেশিদূর এগোতে পারেনি এই জুটি। গুরনুর ব্রারের বলে ঈশানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন ব্রুক (১৬ বলে ১৬)।

পাঁচ নম্বরে নেমে ভারতীয় বোলারদের পাল্টা মারের পথে হেঁটে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন স্যাম কারেন। তবে ২০তম ওভারে শিবম দুবের বলে ঈশানের তালুবন্দি হয়ে তাঁকেও সাজঘরে ফিরতে হয়। আউটের আগে করেন ৩১ বলে ২৬ রান। পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন জো রুট ও জস বাটলার। একা কুম্ভ হয়ে লড়তে থাকা জো রুট ৭৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। একদিনের ক্রিকেটে ৪৭তম অর্ধশতরান পেলেন ইংল্যান্ডের প্রথম সারির ব্যাটার। ২৬তম ওভারে জস বাটলারকে (১৭) সাজঘরের পথ দেখান অক্ষর পটেল।

সবাই যখন ধরে নিয়েছিল ভারতের জয় সময়ের অপেক্ষা, ঠিক তখনই ম্যাচের রং বদলাতে থাকেন জো রুট ও উইল জ্যকস। নিখুঁত হিসেব করে খেলে ভারতীয় বোলারদের আক্রমণ নির্বিষ করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দুজনে ৭২ রান যোগ করেন। উইল জ্যাকসকে (৪৪ বলে ৩০) ফিরিয়ে জুটি ভাঙেন গুরনুর ব্রার। তবে তাতে কোনও লাভ হয়নি। সপ্তম উইকেটে গাস আটকিনসন ও জো রুট জুটি বেঁধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন। ৪৪.১ ওভারেই দলকে জয় এনে দেন। রুট ৯৯ ও আটকিনসন ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের