এই মুহূর্তে

ডি’ককের ঝোড়ো ইনিংস, আর্শদীপদের হতশ্রী বোলিং, জিততে ভারতের চাই ২১৪ রান

নিজস্ব প্রতিনিধি, মুল্লানপুর: আর্শদীপ সিংহদের অকাতরে রান বিলি আর কুইন্টন ডি’ককের ঝোড়ো ইনিংস- দুই মিলিয়ে দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১৩ রান তুলল আইডেন মার্করামের বাহিনী। ভারতের বরুণ চক্রবর্তী ছাড়া আর কোনও বোলারই দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বিড়ম্বনায় ফেলতে পারেননি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মুল্লানপুরের মহারাজা যাদবীন্দ্র সিংহ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অদিনাযক সূর্যকুমার যাদব। প্রথম ওভারের তৃতীয় বলেই রান নেওয়ার চেষ্টা করেন কুইন্টন ডি’কক। বল যায় তিলক ভার্মার হাতে। ডি’কক ক্রিজ়ে ফেরার চেষ্টা করেন। তিলক সরাসরি উইকেটে লাগাতে পারলেন আউট হতেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। কিন্তু তিলক সুযোগ মিস করায় বেঁচে যান ডি’কক। জীবন ফিরে পেয়েই হাত খুলে মারতে থাকেন। আর্শদীপের দু’ওভারে দু’টি ছক্কা হাঁকান। পঞ্চম ওভারে বল করতে এসেই উইকেট নেন বরুণ চক্রবর্তী। নিজের প্রথম বলেই রেজা হেনড্রিক্সকে (৮) ক্লিন বোল্ড করেন। তবে তাতে বড় একটা সমস্যায় পড়তে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। প্রথম পাওয়ার প্লে’র শেষে অর্থা‍ৎ ৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৫৩।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠে শিশির পড়তে শুরু করে। ফলে বল গ্রিপ করতে সমস্যায় পড়েন ভারতীয় বোলাররা। তার সুবিধা নিয়ে দ্রুত রান তুলতে থাকেন ডি’কক ও প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম। হার্দিক পাণ্ড্যর বলে চার মেরে মাত্র ২৬ বলেই অর্ধশতরানে পৌঁছে যান ডি’কক। তিনিই মারমুখী মেজাজে খেলতে থাকেন। উল্টোপ্রান্তে থাকা মার্করাম খানিকটা স্থিতধী হয়ে খেলতে থাকেন। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৯০। ১১তম ওভারে আর্শদীপ মোট সাতটি ওয়াইড করেন। পরের ওভারে বল করতে এসে ডি’কক ও মার্করামের ৮৩ রানের জুটি ভাঙেন বরুণ চক্রবর্তী। তাঁর ওভারে পর পর দু’বলে ছক্কা মারলেও শেষ বলে অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২৯ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

এর পরে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ডি’কক ও ডিওয়াল্ড ব্রেভিস। ১৫তম ওভারেই দেড়শোর গণ্ডি পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। যেভাবে রুদ্রমূর্তি দারণ করে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করছিলেন ডি’কক, তাতে মনে হচ্ছিল অনায়াসে শতরানের দেখা পাবেন। কিন্তু ১৬ তম ওভারে বরুণের বল ডি’ককের ব্যাটে লেগে পিছনের দিকে যায়। রান নেওয়ার চেষ্টা করেন প্রোটিয়া ওপেনার। কিন্তু ক্ষিপ্রতার সঙ্গে বল ধরে রান আউট করেন উইকেটরক্ষক জিতেশ শর্মা। ৯০ রানে সাজঘরে ফেরেন ডি’কক। খানিকটা হলেও স্বস্তি পায় ভারতীয় শিবির।

ডি’কক ফেরার খানিকবাদে সাজঘরে ফেরেন ‘বেবি এবি’ ব্রেভিস। ৯ বল খেলে ১৪ রান করে অক্ষর পটেলের বলে তিলকের হাতে ক্যাচ তুলে আউট হন। তবে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান ডোনোভান ফেরেরা ও ডেভিড মিলার। শেষের দিকে দুজনেই হাত খুলে মারতে থাকেন। ২৩ বলে ৫৩ রান যোগ করেন। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে ২১৩ রান তোলে প্রোটিয়ারা। ফেরেরা (১৬ বলে ৩০) এবং মিলার (১২ বলে ২০) অপরাজিত থাকেন। ভারতের প্রধান দুই বোলার আর্শদীপ সিংহ ও যশপ্রীত বুমরা কোনও উইকেট পাননি। অথচ ৮ ওভারে দিয়েছেন ৯৯ রান। বরুণ চক্রবর্তী চার ওভার হাত ঘুরিয়ে ২৯ রানে দুই উইকেট নিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লন্ডনের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন বিরাট-অনুষ্কার, বিদেশেই পাকাপাকি থাকবেন?

মহবশ অতীত, ‘বিগবস’-খ্যাত শেফালি বাগ্গার সঙ্গে রোমান্টিক ডেটে চহল, ফের প্রেমে পড়লেন ক্রিকেটার?

বাংলাদেশকে ধোঁকা! টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

খেলা শেষের আগে ভারতের সিরজ জয় নিশ্চিত করতে কামাখ্যা মন্দিরে পুজো কোচ গম্ভীরের

মুছল দীর্ঘদিনের স্মৃতি, ইনস্টাগ্রাম থেকে প্রাক্তনের সমস্ত ছবি ডিলিট পলাশের

বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশ বোর্ডকে এক হাত নিলেন প্রাক্তন বিসিবি কর্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ