চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

 নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: ব্যাটিং ভরাডুবির পরে বল হাতে খানিকটা চেষ্টা চালিয়েছিলেন বরুণ চক্রবর্তী-বৈভব অরোরা। কিন্তু কাজে এল না লড়াই। ফের হারল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার (১৭ এপ্রিল) আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুভমন গিলদের কাছে পাঁচ উইকেটে হেরে গেলেন অজিঙ্কা রাহানেরা। প্রথমে ব্যাট করে ২৫ কোটির ক্যামেরন গ্রিনের ৭৯ রানের সৌজন্যে ১৮০ রান তুলেছিল কেকেআর। জবাবে অধিনায়ক শুভমন গিলের অনবদ্য ৮৬ রানের সুবাদে ২ বল বাকি থাকতেই জয় হাসিল করে গুজরাত টাইটান্স। এদিন জয়ের ফলে এক লাফে ৬ নম্বর থেকে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এলেন গিলরা।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। তবে শুরুতেই ধাক্কা খায় নাইটরা। প্রথম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে গিয়ে কাগিসো রাবাডার হাতে ক্যাচ তুলে শূন্য রানে ফেরেন রাহানে। দ্বিতীয় ওভারে রাবাডার বলে বাটলারের হাতে খোঁচা দিয়ে ফিরলেন অঙ্গকৃশ রঘুবংশী (৮)। ওই জোড়া ধাক্কা সামলানোর আগে ফের ধাক্কা খায় কেকেআর। ফিন অ্যালেনের বদলি হিসাবে নামা টিম সেইফার্ট ১৪ বলে ১৯ করে ফেরেন। ছন্নছাড়া ব্যাটিংয়ের জেরে প্রথম ছ’ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান তোলে।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে রভমান পাওয়েল ও ক্যামেরন গ্রিন দলকে এগিয়ে নিয়ে যান। তবে নিজের ইনিংস বেশি ক্ষণ টানতে পারেননি পাওয়েল। ২০ বলে ২৭ রান করে অশোকের বলে ফেরেন। একা কুম্ভ হয়ে লড়াই করা গ্রিন চলতি আইপিএলে প্রথম অর্ধশতরান পূর্ণ করেন। চাপের মুখে ৩৪ বলে পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে অর্ধশতরান করেন। ১৫তম ওভারে অনুকূল রায়কে (৯) ফেরান প্রসিদ্ধ কৃষ্ণা। সাত নম্বরে নেমে ফের ব্যর্থ হন রিঙ্কু সিংহ। ২ বলে ১ রান করে কাগিসো রাবাডার বলে খোঁচা মারতে গিয়ে জস বাটলারের তালুবন্দি হন। আট নম্বরে নামা রমনদীপ সিংহ ৮ বলে ১৭ রান করে অশোক শর্মার বলে মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দায়িত্বজ্ঞানহীনের মতো খেলে আউট হয়ে যান সুনীল নারাইন। তাঁর আবদান ৫ বলে শূন্য। সিরাজের বলে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দেন তিনি। কার্তিক ত্যাগী চার বলে ছয় রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। আট রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে কেকেআর। শেষ বলে ফিরে যান ক্যামেরন গ্রিনও (৭৯)। ১৮০ রানেই গুটিয়ে যায় কলকাতার ইনিংস। গুজরাতের হয়ে কাগিসো রাবাডা ২৯ রানে তিন উইকেট নিয়েছেন। অশোক শর্মা ৪৫ রানে এবং মোহাম্মদ সিরাজ ২৯ রানে দুটি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন গুজরাত অধিনায়ক শুভমন গিল ও সাই সুদর্শন। কলকাতার বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করেন দুজনে। ২৬ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ষষ্ঠ ওভারে সুদর্শনকে (২২) ফিরিয়ে ৫৭ রানের জুটি ভাঙেন সুনীল নারাইন। পাওয়ার প্লে শেষে গুজরাতের রান দাঁড়ায় ৭১। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মারমুখী মেজাজে খেলে দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শুভমন ও জস বাটলার। ২৭ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন গিল। দশম ওভারে বল করতে এসে মারমুখী বাটলারকে (১৫ বলে ২৫) ফেরান বরুণ চক্রবর্তী। ১০.১ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় গুজরাত টাইটান্স।

চার নম্বরে ব্যাট করতে নামা ওয়াশিংটন সুন্দর একপ্রান্ত আগলে খেলার চেষ্টা করেছিলেন। ১৫তম ওভারে বরুণ চক্রবর্তীর বল চালিয়ে খেলতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরেন। ১৩ বলে ১৩ রান করেন ওয়াশিংটন। অন্যপ্রান্তে একের পর এক সতীর্থকে ফিরতে দেখলেও নিজের দায়িত্বে অবিচল ছিলেন শুভমন। তবে রানের গতি খানিকটা শ্লথ হয়ে যায়। একসময়ে যেভাবে খেলছিলেন গুজরাত অধিনায়ক, তাতে মনে হচ্ছিল সহজে্ই শতরান পেয়ে যাবেন। কিন্তু ১৭তম ওভারে বল করতে এসে শুভমনকে শতরান থেকে খানিকটা দূরে থামিয়ে দেন বৈভব আরোরা। অসাধারণ ক্যাচ ধরে গুজরাত অধিনায়ককে সাজঘরের পথ দেখান ক্যামেরন গ্রিন। ৫০ বলে ৮৬ রান করেন শুভমন।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে ঠান্ডা মাথায় খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন গ্লেন ফিলিপস ও রাহুল তেওয়াতিয়া। শেষ ছয় বলে জয়ের জন্য দরকার ছিল পাঁচ রানের রানের। রমনদীপ সিংহের প্রথম বলে রিঙ্কু সিংহের হাতে ক্যাচ তুলে বিদায় নেন ফিলিপস (১৫ বলে ১৯)। তবে তা জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়নি। ২ বল বাকি থাকতেই জয় হাসিল করে গুজরাত। তেওয়াতিয়া সাত রানে এবং শাহরুখ খান ৩ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ