চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের আনন্দে যাতে ফের কোনও দুর্ঘটনার ছায়া না নামে, তা নিশ্চিত করতে তৎপর রাজ্য প্রশাসন। চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর আসন্ন উৎসবগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। কালীপুজো, দীপাবলি, জগদ্ধাত্রীপুজো, কার্তিকপুজো এবং ছট উৎসবের জন্য একাধিক সতর্কতামূলক পদক্ষেপের কথা জানিয়ে জারি করা হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর বা এসওপি। ভিড় নিয়ন্ত্রণ, অগ্নিকাণ্ড মোকাবিলা, ঘাটের নিরাপত্তা থেকে শুরু করে পরিচ্ছন্নতা সব বিষয়েই নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পুজো কমিটিগুলির জন্যও পৃথক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। মণ্ডপে ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও প্রস্থানের পৃথক পথ (এন্ট্রি-এক্সিট গেট), অগ্নি নিরাপত্তা-সহ একাধিক বিষয়ে সতর্ক করা হয়েছে। ২৩ জেলার জন্য ২৩ মন্ত্রীকে দায়িত্ব বণ্টন রাজ্য সরকারের।

নতুন নির্দেশিকা মণ্ডপের আলোকসজ্জার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। থিমের আকর্ষণ বাড়াতে কোনও মণ্ডপ অন্ধকার রাখা যাবে না। মণ্ডপের ভিতর, প্রবেশ ও বেরোনোর রাস্তা এবং দর্শনার্থীদের চলাচলের প্রতিটি প্যাসেজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। কোনও অংশ যাতে অন্ধকারে ঢাকা না থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে উদ্যোক্তাদের। গত ২৮ অক্টোবর নবান্ন সভাঘরে উৎসবের নিরাপত্তা নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পর গত বৃহস্পতিবার নগরায়ন ভবনে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আরও একটি সমন্বয় বৈঠক হয়। সেখানে আসন্ন উৎসবগুলির প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। ওই বৈঠকের পরিপ্রেক্ষিতেই বিভিন্ন দফতর, পুলিশ, স্থানীয় প্রশাসন এবং পুরসভাগুলির জন্য নির্দেশিকা তৈরি করেছে নবান্ন।

আরও পড়ুন: ‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

ভিড় সামলানোর ক্ষেত্রেও একাধিক নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। মণ্ডপে কত মানুষের সমাগম হতে পারে, সেই হিসাব অনুযায়ী রাখতে হবে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক। একটি দল মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার পরেই পরের দলকে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া যাবে। কোনও অবস্থাতেই মণ্ডপের ভিতরে অতিরিক্ত ভিড় জমতে দেওয়া চলবে না। দর্শনার্থীদের চলাচলের রাস্তা এবং প্রবেশ ও প্রস্থানপথে পর্যাপ্ত আলো রাখার পাশাপাশি ভিড়ের পরিস্থিতি বুঝে পুলিশ মোতায়েন করতে হবে। বড় পুজোগুলিতে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা এবং প্রতিটি মণ্ডপে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত রাখাও বাধ্যতামূলক করা হয়েছে। অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলাতেও আগাম প্রস্তুতি রাখতে হবে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। এমন ব্যবস্থা করতে হবে, যাতে বিপদের খবর পাওয়ার পর ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে দমকলের সাহায্য পৌঁছে যায়। বড় মণ্ডপ ও গুরুত্বপূর্ণ ঘাটে প্রয়োজন অনুযায়ী বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের মোতায়েন করতে হবে। ঘাটে নামার জায়গায় রাখতে হবে জীবনরক্ষাকারী জ্যাকেট এবং উদ্ধারকাজের প্রয়োজনীয় সরঞ্জাম। মণ্ডপের আশপাশে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। দোকান বা স্টল বসানোর সময়ও খেয়াল রাখতে হবে, যাতে মানুষের যাতায়াতের পথ আটকে না যায়। শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণেও কড়া নজরদারির নির্দেশ দিয়েছে নবান্ন। বেআইনি বাজির ব্যবহার বন্ধ করার পাশাপাশি পরিবেশবান্ধব বাজি ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে। মাইকের শব্দ নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে সাউন্ড লিমিটার ব্যবহার করতে হবে। শব্দদূষণ সংক্রান্ত বিধি মেনে মাইক বাজানোর সময়সীমাও কঠোর ভাবে কার্যকর করার নির্দেশ রয়েছে। পুলিশ, স্থানীয় প্রশাসন এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে একযোগে নজরদারি চালাতে বলা হয়েছে। বাজি ব্যবহারের বিষয়ে স্বরাষ্ট্রসচিবের দফতর থেকেও পৃথক নির্দেশিকা জারি করা হয়েছে। ছটপুজো এবং প্রতিমা নিরঞ্জনের ঘাটগুলির নিরাপত্তা ও পরিচ্ছন্নতার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ঘাট পরিষ্কারের জন্য আলাদা দল গঠন করতে হবে। ভিজে ও শুকনো বর্জ্য পৃথক ভাবে ফেলার জন্য রাখতে হবে বড় পাত্র। পাশাপাশি পর্যাপ্ত আলো, প্রাথমিক চিকিৎসা, সিসিটিভি এবং জলাশয়ের ধারে ব্যারিকেডের ব্যবস্থা করতে হবে। মহিলাদের পোশাক বদলের জন্য পৃথক ঘর, গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা এবং পর্যাপ্ত পরিচ্ছন্নতার বন্দোবস্তও রাখতে হবে। ঘাটে দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের পুরসভার পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক।

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!