আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদি-শাহের ঠান্ডা লড়াইয়ের বলি সি ভি আনন্দ বোস?

নিজস্ব প্রতিনিধি: মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আস্থাভাজন’ সি ভি আনন্দ বোস। পরিবর্তে বাংলার সাংবিধানিক প্রধানের পদে নিয়োগ পেয়েছেন তামিলনাডুর রাজ্যপাল আর এন রবি। প্রাক্তন গোয়েন্দা কর্তা আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ইয়েসম্যান’ হিসাবেই পরিচিত। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঠান্ডা লড়াই চলছে? দেশের দুই ক্ষমতাধর ব্যক্তির ঠান্ডা লড়াইয়ের বলি হলেন প্রাক্তন আমলা সি ভি আনন্দ বোস? যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি পশ্চিমবঙ্গের পদত্যাগী রাজ্যপাল। ইস্তফা দেওয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু বলেছেন, ‘আমি সাড়ে তিন বছর ধরে রাজ্যপালের দায়িত্ব পালন করেছি।এটা আমার পক্ষে যথেষ্ট।’ সি ভি আনন্দ বোসের এই জবাবের মধ্যে খানিকটা অভিমান এবং অসন্তোষ লুকিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি পদে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ইস্তফা দেওয়ার পরে এল এন গণেশনকে অস্থায়ীভাবে রাজভবনে পাঠিয়েছিল কেন্দ্র। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্কই রেখে চলেছিলেন তিনি। তবে সেই সম্পর্ক পছন্দ বঙ্গ বিজেপি নেতৃত্বের। লাগাতার গণেশনের বিরুদ্ধে নালিশ ঠুকেছিলেন দিল্লির দরবারে। ফলে গণেশনকে সরিয়ে ১৯৭৭ ব্যাচের আইএএস আধিকারিক সি ভি আনন্দ বোসকে রাজ্যপালের দায়িত্ব দিয়ে বাংলায় পাঠানো হয়েছিল। ২০২২ সালের ১৮ নভেম্বর সাংবিধানিক প্রধানের পদে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, প্রাক্তন আমলা আনন্দ বোসকে বাংলায় পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সুসম্পর্কের সেতুবন্ধন করার দায়িত্ব দিয়ে। পাশাপাশি রাজ্যের আমলারা যাতে কেন্দ্রীয় সরকারের প্রকল্প কার্যকর করার ক্ষেত্রে গুরুত্ব পালন করেন, সেই দায়িত্বও দেওয়া হয়েছিল। প্রথম দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলেছিলেন প্রাক্তন আমলা বোস। কিন্তু বঙ্গ বিজেপি নেতৃত্ব লাগাতার অমিত শাহের কাছে রাজ্যপালকে নিয়ে নালিশ জানান। কথায়-কথায় দিল্লি তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপালকে জানিয়ে দেন, ‘রাজ্য সরকারের সঙ্গে অতিরিক্ত মাখামাখি চলবে না। বরং ছলছুতোয় চাপে রাখতে হবে।’ ওই চাপের মুখে খানিকটা নতজানু হয়ে মমতার সরকারের সঙ্গে সরাসরি সঙ্ঘাতে জড়িয়ে পড়েন সি ভি আনন্দ বোস। তবে অকারণে নির্বাচিত সরকারের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপের পক্ষপাতী ছিলেন না তিনি। যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সভায় সুর চড়ালে প্রশাসনিক সভায় কিংবা সংসদে দাঁড়িয়ে অকারণে মমতার দলকে আক্রমণ করেননি। আনন্দ বোসের পদত্যাগের পরে প্রশ্ন উঠেছে, তাহলে কি বাংলায় ক্ষমতা দখল করতে শাহের নীল নকশা মেনে নিতে আপত্তি ছিল রাজ্যপালের? তাই কি মানসম্মান নিয়েই সরে পড়লেন?

এদিন রাতেই সমাজমাধ্যম ‘এক্স’ (পূর্বতন টুইটার) এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়   ক্ষোভ উগরে দিয়ে এবং শাহকে নিশানা করে লিখেছেন, ‘রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে আমি অবাক হব না।’

বাংলার মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে আর এন রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি। এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।’

 

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, আফ্রিকান ছাত্রের প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ