দেশলাই চাওয়া নিয়ে বচসার পরেই ছুরি দিয়ে হামলা! যুবকের হাতে খুন প্রৌঢ়

Share:

নিজস্ব প্রতিনিধি: সিগারেট ধরানোর জন্য একটি দেশলাই কাঠি চাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছিল তর্ক। সেই সামান্য বচসাই শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে আনল। অন্ধ্রপ্রদেশের বাপাতলা জেলার ভেমুকু মণ্ডলের ভেল্লাবাদু গ্রামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার সময় দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাত প্রায় ১১টা নাগাদ গ্রামের রাস্তায় হাঁটছিলেন সিএইচ চরণ তেজা। সেই সময় তাঁর সঙ্গে দেখা হয় স্থানীয় বাসিন্দা ৪৬ বছরের এপুরু ইয়োহানের। সিগারেট ধরানোর জন্য তেজা তাঁর কাছে একটি দেশলাই কাঠি চান। কিন্তু ইয়োহান দেশলাই দিতে রাজি না হওয়ায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসা গড়ায় হাতাহাতিতে। একে অপরকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছে পুলিশ। রাস্তায় গোলমালের শব্দ শুনে আশপাশের বাসিন্দারা সেখানে ছুটে আসেন। স্থানীয়দের তৎপরতায় দু’জনকে শান্ত করা হয়। এরপর তাঁরা নিজেদের বাড়িতে ফিরে যান। তবে সেখানেই ঘটনার শেষ হয়নি। অভিযোগ, কিছুক্ষণ পর বাড়ি থেকে একটি ছুরি নিয়ে ফের রাস্তায় বেরিয়ে আসেন চরণ তেজা। এরপর ইয়োহানের উপর ছুরি নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। প্রতিবেশীরা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে তেনালির সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। ইয়োহানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত চরণ তেজা পলাতক। তাঁর সন্ধানে তল্লাশি চলছে। দেশলাই নিয়ে শুরু হওয়া এই বিবাদ কীভাবে এত দ্রুত প্রাণঘাতী সংঘর্ষে পরিণত হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে ইয়োহানের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। তিনি স্ত্রী ও এক পুত্রকে রেখে গিয়েছেন। স্থানীয়দের দাবি, তাঁর স্ত্রী জন্ম থেকেই শ্রবণ ও বাক্‌প্রতিবন্ধী। তাঁর ছেলেও ছোটবেলা থেকেই অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁরা কার্যত অসহায় হয়ে পড়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা গেলে ঘটনার সম্পূর্ণ কারণ ও হামলার নেপথ্যের বিষয়গুলি আরও স্পষ্ট হবে।

আর ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

জেলায় জেলায় পুজো উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?

হলিউডে শোকের ছায়া, প্রয়াত ‘ব্রেকিং ব্যাড’-খ্যাত অভিনেতা আরজে মিট, বয়স হয়েছিল মাত্র ৩৪

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

রয়্যাল এনফিল্ডের প্রথম ইলেকট্রিক বাইক Flying Flea C6, কী-কী ফিচার্স রয়েছে?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?