এই মুহূর্তে

‘‌রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’‌, ধর্নামঞ্চ থেকে সপ্তমে সুর মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে আজ, শনিবার ধর্মতলায় ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতির মন্তব্যের জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে এই মঞ্চ থেকেই আবার একবার বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বাংলায় এসে আদিবাসীদের উন্নয়ন নিয়ে নানা কথা বলেন। আর তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌মহিলা ভোটার, কৃষক, মতুয়া, রাজবংশী সবার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। মাথায় তৈরি হয়েছে মরুভূমি। বিপদে যে বন্ধু নয় সেও বন্ধু খুঁজে পাবে না। রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করছে বিজেপি। আপনি বলেন কী করে আদিবাসীদের জন্য কাজ হয়নি। আপনি এখানে একবার আসলে স্বাগত জানাতে যেতাম। কিন্তু ৫০ বার এলে আমাদের কী কোনও কাজ নেই?‌ আমি এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই করতে ধর্না দিচ্ছি। আমার কাছে মানুষই অগ্রাধিকার।’‌

অন্যদিকে মতুয়াদের নিয়েও যে রাজনীতির খেলা খেলেছে বিজেপি সেটাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। আর কড়া ভাষা ব্যবহার করে বিজেপিকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌তিন জেনারেশন তৈরি করেছি। যারা আগামী ৫০ বছর মানুষের পাশে থেকে কাজ করবে। এই বিশ্বাস আমার আছে। এরপর আসছে এনআরসি, বঙ্গভঙ্গ। ভোটের দিন গিয়েও দেখতে পারেন আপনার নাম কেটে দিয়েছে। এই ছকও করা হয়েছে। আমার কাছে খবর আছে। ছক্কা–পাঞ্জা যাকে বলে। বাংলার ইতিহাস, বাংলার নবজাগরণ, বাংলার সংস্কৃতি আমরা জানি। সবাইকে নিয়ে চলতে হবে। যারা নিজেদের হিন্দু ধর্মের ধারক বাহক ভাবছে তাদের মনে রাখতে হবে আগে মনটা পরিষ্কার রাখতে হয়। আমি সব মন্দিরেই যাই। বিজেপি মতুয়াদের ভুল বুঝিয়ে। ১০০ টাকা দিয়ে ফর্ম পূরণ করে লিখিয়ে নিয়েছে তারা ভারতীয় নয়, বাংলাদেশি ছিল। মতু্য়াদের সর্বনাশ করেছে বিজেপি। তারপর সিএএ শংসাপত্র দিচ্ছে।’‌

এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাস্তায় নেমে রাজনীতি করতে ভালবাসেন। এবারও সেই পথই ধরলেন। রাষ্ট্রপতির উদ্দেশে মুখ্যমন্ত্রীর জবাব, ‘আলচিকি ভাষাকে স্বীকৃতি দিয়েছি। তপসিলি জাতি, উপজাতিদের জন্য কী কাজ করেছি আপনি জানেন?‌ আগে কিছু করুন তারপর বিজেপির হয়ে কথা বলুন। আপনাকে সম্মান দিচ্ছি। কিন্তু যেটা বাস্তব সেটা তো আমাকে বলতেই হবে। এখানে আদিবাসীদের কত নাম বাদ দিয়েছে সেটার খোঁজ রাখেন?‌ একের পর এক প্রকল্প করে অর্থ সাহায্য করা হয়। এখানে জঙ্গলরাজ ছিল। তখন আপনি কোথায় ছিলেন?‌ আমরা লড়াই করেছি। আমি অনুরোধ করছি, এমন কিছু বলবেন না যেটা আপনাকে মানায় না। ডেরেক আর সুদীপ দাকে বলছি একটা অ্যাপয়ন্টমেন্ট নিন রাষ্ট্রপতির। আর আমরা কি কাজ করেছি সেটা বিস্তারিত নথি তুলে দেবেন। ভোটের আগে এসে এসব বলছেন। তাও না জেনে। বাংলাকে ভাগ করার চেষ্টা করবেন না। বাংলা মাথানত করবে না।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মমতার ধর্না মঞ্চের সামনে বিজেপির লিফলেট বিলি ঘিরে অশান্তি

শিষ্টাচারের শিক্ষাটুকু নেই! জ্ঞানেশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূল প্রতিনিধিদের

নির্বাচন কমিশনের কাছে ১৬ দফা আবদার বঙ্গ বিজেপির, দাবি শুনে নেট দুনিয়ায় হাসির রোল

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে SIR নিয়ে আলোচনা চায় তৃণমূল

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, কারা উপস্থিত রয়েছেন?

ঝেঁপে আসছে বৃষ্টি! একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা, বাড়ির বাইরে গেলে ছাতা নিতে ভুলবেন না

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ