আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আনন্দকে বিতর্কে জড়িয়ে নিরানন্দ করবেন না’ বার্তা সুজিতের

নিজস্ব প্রতিনিধি: একুশের উৎসব মরশুম শেষ না হলেও এবারের বতো মহোৎসব কার্যত শেষ। সন্দেহ নেই সেই মহোৎসবে কলকাতা তো বটেই রাজ্যজুড়েই সব থেকে চর্চিত বিষয় হয়ে উঠেছিল শ্রীভূমির ‘বুর্জ খালিফা’ আর তা দেখতে ধেয়ে আসা জনসুনামি। সেই সুনামি ঢেউয়ে শুধু যে ভিআইপি রোড স্তব্ধ হয়ে পড়েছিল তাই নয়, আশপাশের এলাকা জুড়ে তীব্র যানজটও ছড়িয়ে পড়ে। কার্যত তার জেরেই অষ্টমির রাত থেকেই শ্রীভূমির পুজোয় দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ প্রশাসন। সেই ঘটনা নিয়েই এবার রাজ্যের প্রথম সারির এক সংবাদমাধ্যমে মুখ খুলেছেন এই পুজোর মুখ্য উদ্যোক্তা তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। সেখানে যাবতীয় বিতর্ক নিয়ে উত্তর দেওয়ার পাশাপাশি তিনি সবার কাছে আবেদন রেখেছেন, আনন্দকে বিতর্কের সঙ্গে জড়িয়ে তা নিরানন্দ না করে তোলার।

শ্রীভূমির পুজোয় এবারের প্রথম আপত্তি এসেছিল বিমান পরিষেবার দিক থেকে। ভিন্ন শহর থেকে যাত্রীবাহী বিমান নিয়ে কলকাতায় আসা ৩জন পাইলট অভিযোগ করেছিলেন এটিসি-তে যে শ্রীভূমির লেজার লাইটে তাঁদের বিপত্তির মুখে পড়তে হয়েছে। সেই অভিযোগের জেরেই সপ্তমীর রাতেই ওই লাইট বন্ধ করে দেওয়া হয়। সেই বিষয়ে সুজিতবাবু জানিয়েছেন, ‘লেজ়ার লাইট বলে যা বলা হচ্ছে, তা আসলে স্পেশালিটি লাইট। ওই আলো বিয়েবাড়িতে ব্যবহার হয়। বিমান যত ওপর দিয়ে যায়, ওই আলো তত দূর পৌঁছয় না। বিমান চলাচলে ব্যাঘাত ঘটে না। বিমানবন্দরের অনেক পদস্থ আধিকারিক আমাদের পুজোয় এসেছেন। কেউ কোনও অভিযোগ করেননি। এটিসিতে যে অভিযোগগুলি হয়েছে, সেগুলি মধ্যমগ্রাম এলাকার কোনও আলোর জন্য হয়েছে। খোঁজ নিয়েছি।’   

এর পাশাপাশি এবারে শ্রীভূমির মণ্ডপ ও সুপারস্ট্রাকচারের উচ্চতা নিয়েও বিতর্ক বেঁধেছে। আদালতের নিয়মানুযায়ী শহরে মণ্ডপের সর্বাধিক উচ্চতা ৪০ ফুট করে দেওয়া হয়েছে। অথচ শ্রীভূমিতে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বুর্জ খালিফার উচ্চতা হয়েছিল ১৪৫ ফুট। আদালতের রায় উপেক্ষা করে কি ভাবে এই উচ্চতার মণ্ডপ হল তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। এর জেরে সুজিত জানিয়েছেন, ‘খোঁজ নিয়ে দেখুন, অন্য সব পুজো ৫০ ফুটের মধ্যে মণ্ডপের উচ্চতা সীমাবদ্ধ রেখেছিল কি না। শ্রীভূমি বরাবরই নতুন ভাবনা পুজোয় বাস্তবায়িত করে। তার জন্য যা প্রয়োজন করা হয়েছে। এত বিতর্ক সত্ত্বেও মানুষ আমাদের পুজো দেখতে এসেছেন। সাধারণ মানুষ বিতর্ক করেননি। বিতর্ক তৈরি করানো হয়েছে। যাঁরা এটা করেছেন, তাঁদের আমি চিনি। আনন্দের উৎসবকে বিতর্কে জড়িয়ে নিরানন্দ না-করাই বাঞ্ছনীয়। এর বাইরে কিছু বলব না। তবে আরও অনেকেই ১০০ ফুটের বেশি উঁচু মণ্ডপ করেছে। আনন্দকে বিতর্কে জড়িয়ে নিরানন্দ করবেন না। আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় তৈরি ছিলাম।’

একই সঙ্গে এবারে সব থেকে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছিল কোভিডকালের মধ্যেও শ্রীভূমিতে ধেয়ে আসা জনসুনামি। এর একটা বড় অংশই ছিল মাস্কহীন। তার জেরে চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা সকলেই আঁতকে উঠেছেন এই ভিড় দেখে। অনেকেই ভয় পাচ্ছেন এই ভিড়ই না কোভিডের তৃতীয় ঢেউ ডেকে আনে। ফলে নানা মহল থেকে শ্রীভূমির পুজো উদ্যোক্তাদের দায়দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তা নিয়েও মুখ খুলেছেন সুজিত। জানিয়েছেন, ‘আদালতের নির্দেশ ছিল, মণ্ডপে দর্শক প্রবেশ করবে না। সেই নির্দেশ মেনে মূল মণ্ডপে কোনও দর্শক প্রবেশ করেননি। মূল মণ্ডপ থেকে ৪০-৫০ ফুট দূরে দর্শকদের আটকে দেওয়া হয়েছিল। ভিড় সেখানে হয়েছে। ভিড়ের জন্য তো শ্রীভূমি ক্লাব দায়ী নয়। নাইট কার্ফু ছিল না। অবাধে ট্রেন চলেছে। মানুষের ঢল অন্যত্র না গিয়ে শ্রীভূমিতে এসেছে। মানুষ কোথায় যাবেন, সেটা তো আমরা ঠিক করতে পারি না। ভিড় সামলানোর পরিকল্পনা যাঁদের করার কথা, তাঁরা আগে থেকে আমাদের কিছু বলেননি কেন? কোভিড আবহে যাতে ভিড় না হয়, সংক্রমণ যাতে না ছড়ায়, সেটা মাথায় রেখেই শ্রীভূমির পুজো থেকে ১ লক্ষ মাস্ক দেওয়া হয়েছে। মণ্ডপ দেখতে যাঁরা এসেছিলেন, তাঁদের বেশির ভাগের মাস্ক ছিল। যাঁরা পরেননি, তাঁদেরও সতর্ক করা হয়েছে। ইতিবাচক এবং নেতিবাচক – দু’দিক থেকেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে শ্রীভূমির পুজো। যখনই আলোর খেলা হয়েছে, দর্শক দাঁড়িয়ে পড়েছে, আমরা সতর্ক করেছি এগিয়ে যান, পুলিশও সতর্ক করেছে। কিন্তু মানুষ যদি দাঁড়িয়ে আলোর খেলা দেখে, আমরা কী করতে পারি? আমি তো লোক ডাকিনি। আমরা অনলাইনও দেখার ব্যবস্থা করেছিলাম।’

Published by:

Share Link:

More Releted News:

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

নির্বাচনে অশান্তি ঠেকাতে আধাসেনার জওয়ানদের দেওয়া হয়েছে ১ লক্ষ লাঠি

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার ভাড়া এখন ২৫ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ