আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

৬৭ লক্ষ বকেয়া! নোটিশ পেতেই মাথায় হাত ঝালদার ব্যক্তির, নেপথ্য কারণ কী?

নিজস্ব প্রতিনিধি, ঝালদা : আয়কর দফতর থেকে একটি নোটিশ পৌঁছেছে পুরুলিয়ার ঝালদার নামোপাড়ার সোমনাথ দাঁয়ের কাছে। সেখানে দেখা গিয়েছে বকেয়া রয়েছে ৬৭ লক্ষ টাকার খাজনা। দেখেই মাথায় হাত বেসরকারি সংস্থায় কর্মরত ওই ব্যক্তির। মাত্র ২০ হাজার টাকার বেতন থেকে কীভাবে এই বিপুল টাকা মেটাবেন, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের।

বেসরকারি সংস্থায় কাজ করে কোনওরকমে সংসার চলে সোমনাথবাবুর। কিন্তু সেই ব্যক্তির কাছেই আয়কর দফতর থেকে এল প্রায় ৬৭ লক্ষ টাকা বকেয়া করের নোটিশ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদা শহরের নামোপাড়া এলাকায়। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম সোমনাথ দাঁ।

গত ২৭ মার্চ নোটিশ হাতে পাওয়া মাত্রই সোমনাথ বাবুর যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। সামান্য বেতনের চাকরি করে কীভাবে এত টাকার কর বকেয়া থাকতে পারে, তা নিয়ে শুরু হয় খোঁজখবর। তদন্তে উঠে এলো এক বিস্ফোরক তথ্য। সোমনাথবাবু খোঁজ নিয়ে জানতে পারেন, পুরুলিয়া শহরের অত্যন্ত নামি শপিং মল-এ দ্য ফুড স্ট্রিট নামে একটি মদের বার রয়েছে, যা সরকারি খাতায়-কলমে তাঁর নামে নথিভুক্ত। অর্থাৎ, ওই বারের লাইসেন্স রয়েছে সোমনাথ দাঁ-এর নামে। সেই বারের কয়েক কোটি টাকার লেনদেনের কারণেই এই বিপুল পরিমাণ কর বকেয়া দাঁড়িয়েছে।

সোমনাথ দাঁ এবং তার আইনজীবী কপিল লাটার দাবি, তিনি এই বারের বিষয়ে বিন্দুবিসর্গও জানেন না। তাঁর অজান্তেই কেউ বা কারা জালিয়াতি করে তাঁর নথি ব্যবহার করে এই মদের বারের লাইসেন্স বের করেছে। ঘটনার সত্যতা যাচাই করতে পুরুলিয়ার ওই শপিংমলে যোগাযোগ করা হলে বারের দায়িত্বে থাকা কর্মীরা এই বিষয়ে  কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

অন্যদিকে, বিষয়টি নিয়ে সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজ (আবগারি আধিকারিক)-এর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনিও সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। প্রসঙ্গত, পুরুলিয়ার ওই বিখ্যাত শপিং মলটির মালিক বিশিষ্ট শিল্পপতি নরেশ আগরওয়াল। কিন্তু প্রশ্ন উঠছে, মালিকানা যারই হোক না কেন, কীভাবে একজন সাধারণ কর্মীর নামে সেখানে মদের বার চলছে? প্রকৃত মালিক আড়ালে থেকে অন্য কারোর নথি ব্যবহার করে কি কোনও বড়সড় আর্থিক জালিয়াতির ছক কষেছেন?

ইতিমধ্যেই সোমনাথ দাঁ লিখিতভাবে পুরো বিষয়টি সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজ-কে জানিয়েছেন। নিজের অসহায়তার কথা জানিয়ে তিনি এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যবিত্তের পকেটে বাড়তি চাপ! অটোতে উঠলেই ২০ টাকার যাত্রা এখন ২৫ টাকা

ভুটান সীমান্তে ‘গেরিগাঁও’, শহুরে ক্লান্তি ভুলিয়ে দেবে এই পাহাড়ি গ্রাম

প্রবল ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, ভোটগণনার দিনেও দুর্যোগের সম্ভাবনা

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ