আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌দ্রুত পাওনা মিটিয়ে দিন’‌, ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে চিঠি আদানি গোষ্ঠীর

নিজস্ব প্রতিনিধি: এবার আদানি গোষ্ঠীর সঙ্গে বিরোধ চরমে উঠল বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস সরকারের। এমনিতেই বাংলাদেশের প্রশাসন এবং আইনশৃঙ্খলা তলানিতে পৌঁছে গিয়েছে। তার উপর আদানির বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিরোধ নিষ্পত্তি হয়নি। বরং জিইয়ে রয়েছে। তা নিয়ে আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য তাগাদা দিল আদানি গোষ্ঠী। সরাসরি চিঠি লিখে এই তাগাদা দিয়েছে আদানি। এমনকী বকেয়া শোধ না হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পরিষেবা ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে গত ২৯ জানুয়ারি চিঠি পাঠিয়েছেন আদানি পাওয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ। সেখানে উল্লেখ করা হয়, চুক্তি অনুযায়ী তাদের পাওনা ৫৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার (প্রতি ডলারে ১২২ টাকা ধরে যা ৬ হাজার ৯৭৮ কোটি টাকা)। আদানি সূত্রে খবর, আগের সরকারের সময় বকেয়া প্রায় ৭০ কোটি ডলারে পৌঁছেছিল। আর তদারকি সরকার দায়িত্ব নেওয়ার পর বারবার তাগাদা দিলে বকেয়া শোধের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়ে নিয়মিতভাবে বিল শোধ করেছে পিডিবি। এমনকী পুরনো বকেয়াও সামান্য শোধ করা হয়। তাতে মোট বকেয়া কমে যায়। কিন্তু দু’‌মাস ধরে পিডিবি বিল শোধ কমিয়ে দিয়েছে। তাই আবার জটিল হয়েছে পরিস্থিতি।

অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি এখন আগের থেকে আলাদা। তাই ভরসা রাখতে পারছেন না ওপার বাংলার নাগরিকরা। সেখানে আদানি গোষ্ঠী কেমন করে ভরসা রাখবেন?‌ উঠছে প্রশ্ন। বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত পরিষেবা অব্যাহত রাখতে এখনই ১১ কোটি ২৭ লাখ ডলার শোধের কথা বলে চিঠি দিয়েছে আদানি গোষ্ঠী। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই বিলের মধ্যে দেরিতে বিল শোধের সারচার্জ আছে ৫ কোটি ৩২ লাখ ডলার। ২০২৫ সালের জুন পর্যন্ত হিসাবে এই পাওনা রয়েছে আদানির। আর ৫ কোটি ৯৬ লাখ ডলার হল অক্টোবর মাসে সরবরাহ করা বিদ্যুৎ বিল। বারবার তাগাদা দেওয়ার পরও জানুয়ারি মাসে মাত্র ৩ কোটি ৯২ লাখ ডলার শোধ করেছে পিডিবি। এই নিয়ে আদানি গোষ্ঠীর দাবি, বকেয়া বাড়তে থাকায় বিদ্যুৎ উৎপাদন ধরে রাখতে নানা ধরনের চাপ তৈরি করা হচ্ছে। কয়লা আমদানি, সরবরাহকারীদের বিল শোধ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে সমস্যা দেখা দিচ্ছে। তবে এই নিয়ে এবার সময় বেঁধে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারকে। বকেয়া নিয়ে এবার সতর্কও করেছে আদানি গোষ্ঠী। তাতেই তোলপাড় পদ্মাপার।

এছাড়া বকেয়া শোধ করতে ২০২৫ সালের ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে পিডিবিকে চিঠি দিয়েছিল আদানি। না হলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেয় তারা। তখন ওই মাসেই আদানিকে ১০ কোটি ডলার শোধ করা হয়। তারপর ডিসেম্বর মাস থেকে আবার বকেয়া বাড়তে থাকে। পিডিবির চেয়ারম্যান মহম্মদ রেজাউল করিম সংবাদমাধ্যমে বলেন, ‘‌রাজস্ব আদায় কমে যাওয়ায় আদানির বিল শোধ করার পরিমাণ একটু কমেছে। বিল শোধের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মার্চ থেকে তা বাড়তে পারে।’‌ ২০১৭ সালে আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তি করে পিডিবি। বিদ্যুৎকেন্দ্রের বিল নিয়ে আদানির সঙ্গে পিডিবির বিরোধ তৈরি হয়। মামলাও চলছে। এখন দেখার জল কোন দিকে গড়ায়।

 

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ