নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে এক তরুণীকে পরিচয় গোপন করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। প্রেমের সম্পর্ক, বিয়ের প্রলোভন এবং যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের দাবি, সাহেবগঞ্জ জেলার বাসিন্দা মনোয়ার আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি নিজের প্রকৃত পরিচয় গোপন করে ‘মনোহর’ নামে এক তরুণীর সঙ্গে পরিচয় করেন। এরপর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়। অভিযোগ, অভিযুক্ত নিজেকে হিন্দু পরিচয় দিয়ে তরুণীকে একটি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন। এফআইআর অনুযায়ী, ১৫ জুলাই তরুণী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিছুক্ষন পরে পরিবারের কাছে খবর আসে যে তিনি একটি অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁকে শিবগাড়ি মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল।
আরও পড়ুন: হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক
তরুণীর মায়ের অভিযোগ, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাঁর মেয়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তিনি আরও দাবি করেন, গত ২৯ জুন রাঁচিতে নিয়ে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে, তরুণীকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পুরো ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। .

